শিরোনাম

সীমাহীন ধৈর্য ধরবে না ইরান: খামেনির উপদেষ্টা

সিটিজেন ডেস্ক
সীমাহীন ধৈর্য ধরবে না ইরান: খামেনির উপদেষ্টা
মোজতবা খামেনির শীর্ষ উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের। ছবি: মেহের নিউজ এজেন্সি

মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আঞ্চলিকভাবে মার্কিন স্বার্থ রক্ষা করা অব্যাহত রাখে, তবে তেহরানের ধৈর্যের সীমা ফুরিয়ে যেতে পারে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ মোখবের। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা এ সতর্কবার্তা বার্তা দেন। তিনি বলেন, প্রতিবেশীদের এ আচরণ ইরান ও ফিলিস্তিনের শত্রুদের মদদ দেওয়ার শামিল।

মোহাম্মদ মোখবের তার পোস্টে উল্লেখ করেন, ইরান দীর্ঘ সময় ধরে পারস্য উপসাগরীয় আরব প্রতিবেশীদের বন্ধু ও ভাই হিসেবে বিবেচনা করে আসছে। কিন্তু দুঃখজনকভাবে তারা ইরান ও ফিলিস্তিনের শত্রুদের সঙ্গে মিত্রতা করতে বেছে নিয়েছে। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনের প্রতি তাদের স্পষ্ট আনুগত্যের ইঙ্গিত দেয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে রাষ্ট্রগুলো এখন তাদের ভূখণ্ড ও ঘরবাড়ি ফিলিস্তিন ও ইরানের শত্রুদের হাতে তুলে দিয়েছে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এবং এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতির অংশ হিসেবে স্থগিত হওয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছিল। ফলে পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই সংঘাতের সময় ইরানের অধিকাংশ আক্রমণের মুখোমুখি হয়েছিল। তারা ইরানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টাও করে যাচ্ছে।

এ কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে মোখবের দাবি করেন, সাম্প্রতিক মার্কিন-ইসরায়েল আগ্রাসনের সময় ইরান সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর অনেক লক্ষ্যবস্তুকে প্রতিশোধমূলক হামলা থেকে রেহাই দিয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দেশগুলো মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) ঘাঁটি হিসেবে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া অব্যাহত রাখে, তবে তেহরানের ধৈর্যের অবসান ঘটতে পারে। সাম্প্রতিক পূর্ণাঙ্গ যুদ্ধে সেন্টকমের ভাড়া করা ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিক্রিয়াটিই শেষ ছিল না এবং এ সংযম কোনোভাবেই স্থায়ী নয় বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/