শিরোনাম

‘ভারতের দালালদের’ হাত-পা ভেঙে পুলিশে দিতে বললেন কর্নেল অলি

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
‘ভারতের দালালদের’ হাত-পা ভেঙে পুলিশে দিতে বললেন কর্নেল অলি
সমাবেশে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: সংগৃহীত

ভারতের ‘দালালদের’ চিহ্নিত করে তাদের হাত-পা ভেঙে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। শনিবার (১৬ মে) বিকালে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত ওই সমাবেশে কর্নেল অলি বলেন, ‘বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর ধরে কষ্ট ভোগ করেছি। এদের চিহ্নিত করতে হবে। তাদের হাত-পা ভেঙে দিয়ে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।’

বক্তব্যের একপর্যায়ে ভারতের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখানে দেখতে হবে শুভেন্দুর কোনো অনুসারী আছে কি না। ক্ষমতায় এসে সে বাংলাদেশকে হুমকি দিচ্ছে—যুদ্ধ করবে, বাংলাদেশ দখল করবে। এটা কি তোমার বাপের দেশ যে দখল করে নেবে? আমরা তো বলছি না, আসাম-ত্রিপুরা-মেঘালয় দখল করব। আমরা শুধু শান্তিতে থাকতে চাই।’

তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়মিত হস্তক্ষেপ করছে। অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান নিয়ে সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছিলেন।

অলি আহমদ বলেন, ‘তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ভদ্রলোক ছিলেন। তিনি বিষয়টি সমাধান করেছিলেন। কিন্তু এখন ভারতে ভালো মানুষ ক্ষমতায় নেই। মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদ ভাঙা হচ্ছে, ঘরবাড়ি পোড়ানো হচ্ছে।’

দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিচ্ছে এবং বেকারত্ব বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তিনি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাঁদাবাজিকে দায়ী করেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বুঝতে হবে কীভাবে বেকার সমস্যার সমাধান করবেন, কীভাবে প্রতিবেশী ভারতকে সামাল দেবেন। দলের ভেতরে যারা চাঁদাবাজি করছে, তাদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে।’

১১ দলীয় ঐক্য রাজশাহী বিভাগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

/এমআর/