শিরোনাম

এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা সারাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের

সিটিজেন ডেস্ক
এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা সারাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে পড়া ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) ভোর ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোলপ্লাজার কাছাকাছি বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন। তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে ছেলেকে সহযোগিতা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোররাতে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে চালক ইয়াকুব আলী সড়কের পাশে ট্রাক থামিয়ে তার বাবাকে নিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন।

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত করছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত দুজন বাবা-ছেলে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/এমআর/