শিরোনাম

নাইজেরিয়ায় আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
নাইজেরিয়ায় আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: ট্রাম্প
নাইজেরিয়ার সামরিক বাহিনী। ছবি: গেটি ইমেজ

নাইজেরিয়ায় মার্কিন ও স্থানীয় বাহিনীর এক বিশেষ অভিযানে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার সরাসরি নির্দেশেই অত্যন্ত নিখুঁত ও জটিল যৌথ অভিযানটি পরিচালনা করা হয়।

ট্রাম্পের দাবি অনুযায়ী, আল-মিনুকি আফ্রিকায় আত্মগোপন করে ছিলেন। তবে মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে এ সফল অভিযান চালানো সম্ভব হয়। এ যৌথ অংশীদারিত্বের জন্য নাইজেরিয়া সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলেও, ট্রাম্প অভিযানের সুনির্দিষ্ট স্থান বা কৌশলগত কোনো তথ্য প্রকাশ করেননি। ২০২৩ সালে সাবেক জো বাইডেন প্রশাসনের আমলেই আল-মিনুকিকে
বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী
হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তিনি আইএসের সাহেল অঞ্চলের জ্যেষ্ঠ নেতা এবং দলটির সাধারণ পরিদপ্তরের সদস্য হিসেবে বিশ্বজুড়ে অর্থায়ন ও কৌশলগত নির্দেশনা দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ট্রাম্পের মতে, এ শীর্ষ নেতার অপসারণের ফলে আইএসের বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হবে।

অভিযানটি এমন এক সময়ে হলো যখন পশ্চিম আফ্রিকায় আইএস এবং আল-কায়েদার তৎপরতা ক্রমেই বাড়ছে। এর আগে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় খ্রিস্টানদের সুরক্ষায় ব্যর্থতার জন্য দেশটির সরকারের সমালোচনা করেছিলেন ট্রাম্প। তবে নাইজেরিয়া সরকার সব ধরনের ধর্মীয় বৈষম্যের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী কোনো নির্দিষ্ট ধর্ম নয়, বরং দেশের সব নাগরিকের ওপর হামলাকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে নাইজেরিয়ায় জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র ড্রোন এবং প্রায় ২০০ সেনা মোতায়েন করেছে, যারা মূলত নাইজেরীয় সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/