শিরোনাম

একলাফে ৪৩৭৪ টাকা কমলো স্বর্ণের দাম

সিটিজেন ডেস্ক
একলাফে ৪৩৭৪ টাকা কমলো স্বর্ণের দাম
স্বর্ণ। ছবি: সিটিজেন জার্নাল

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার টাকা। গতকাল ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করেছ বাজুস।

এর আগে শুক্রবার (১৫ মে) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৫ দফা, কমেছে ৩০ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

/জেএইচ/