শিরোনাম

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী
ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। ছবি: সৌদি গেজেট

ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন আলী আল জাইদি। শনিবার (১৬ মে) রাজধানী বাগদাদে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলাভিষিক্ত হন। চলতি মাসের শুরুতে সংসদীয় অনুমোদন পাওয়ার পর এ অনুষ্ঠানের মাধ্যমে জাইদি প্রশাসনের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) ইরাকি সংসদে এক আস্থা ভোটের আয়োজন করা হয়। সেখানে সংসদ সদস্যরা নবনিযুক্ত প্রধানমন্ত্রী আলী আল জাইদি এবং তার মন্ত্রিসভার ১৪ জন মন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেন। তবে বাকি ৯টি মন্ত্রী পদের ওপর ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। এ আংশিক অনুমোদনের সুবাদেই নতুন প্রশাসনের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব বুঝে নেওয়ার পথ সুগম হয়।

দেশটির বৃহত্তম সংসদীয় জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক অ্যালায়েন্স প্রধানমন্ত্রী পদের জন্য আলী আল জাইদির নাম মনোনীত করার পর রাজনৈতিক প্রক্রিয়াটি চূড়ান্ত রূপ নেয়। জোটের সিদ্ধান্তের ভিত্তিতে গত ২৭ এপ্রিল ইরাকের রাষ্ট্রপতি নিজার আমিদি তাকে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেন।

ইরাকের প্রচলিত রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগির দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী রাষ্ট্রীয় শীর্ষ ৩ পদ বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বণ্টন করা হয়। এ নিয়ম অনুসারে, রাষ্ট্রপতির পদে একজন কুর্দি প্রতিনিধি, প্রধানমন্ত্রীর পদে একজন শিয়া প্রতিনিধি এবং সংসদের স্পিকারের পদে একজন সুন্নি প্রতিনিধি দায়িত্ব পালন করেন। সেই সমীকরণ মেনে বর্তমানে দেশটির রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন নিজার আমিদি, প্রধানমন্ত্রীর আসনে আলী আল জাইদি এবং সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন হেবাত আল-হালবুসি।

সূত্র: সৌদি গেজেট

/এমএকে/