শিরোনাম

হামাসের শীর্ষ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

সিটিজেন ডেস্ক
হামাসের শীর্ষ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের
গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলার পর একটি আবাসিক ভবনে আগুন জ্বলছে। ছবি: রয়টার্স

গাজায় মার্কিন মধ্যস্থতায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটিতে এক সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে হামাসের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও দেশটির নিরাপত্তা সংস্থার এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাজার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শুক্রবার (১৫ মে) চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। উত্তর গাজার বিভিন্ন মসজিদে আল-হাদ্দাদের মৃত্যুর খবর ঘোষণা করা হলেও হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় চিকিৎসাসূত্র ও প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির প্যারামেডিকরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী প্রথমে গাজা শহরের আল-রিমাল এলাকার একটি আবাসিক ভবনে এবং পরবর্তীতে নিকটবর্তী সড়কের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে ৩ নারী ও একটি শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত আল-শিফা ও আল-সারায়া ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত আল-হাদ্দাদকে হামাসের সামরিক শাখা ইজ্জ আল-দিন আল-কাসাম ব্রিগেডের প্রধান এবং দলটির অন্যতম প্রধান নীতিনির্ধারক হিসেবে বিবেচনা করা হতো। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে চলায় তিনি আল-কাসামের ভূত নামে পরিচিত ছিলেন। ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ সিনওয়ার ও মোহাম্মদ দেইফসহ হামাসের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের পর আল-হাদ্দাদই ছিলেন সংগঠনটির মূল সিদ্ধান্ত গ্রহণকারী। ইসরায়েল তার বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী হওয়া, জিম্মি করে রাখা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন গাজা নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়নে অস্বীকৃতি জানানোর অভিযোগ এনেছিল।

সূত্র: সিএনএন

/এমএকে/