শিরোনাম

হাসপাতালে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের হাসপাতালগুলোতে টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে প্রভাব খাটানো কিংবা চিকিৎসকদের ওপর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ বার্তা দেন। সম্প্রতি শরীয়তপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ডা. নাসিরের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দেশের হাসপাতালগুলোর সার্বিক নিরাপত্তা ও সাম্প্রতিক হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানিং হাসপাতালগুলোতে টেন্ডার নিয়ে নানা ধরনের হুমকি-ধামকির খবর পাওয়া যাচ্ছে, তবে টেন্ডার প্রক্রিয়ায় যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। চিকিৎসা ও মেডিকেল খাতকে ঘিরে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বরদাশত করা হবে না এবং অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে রেহাই দেওয়া হবে না। তবে এ ধরনের ধমক বা হুমকিতে চিকিৎসকেরা মোটেও শঙ্কিত নন এবং তারা সাহসের সাথে সেবা দিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

ডা. নাসিরের ওপর হামলার প্রসঙ্গে মন্ত্রী জানান, আক্রান্ত চিকিৎসকের শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে। এ বর্বরোচিত ঘটনার সাথে জড়িত দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকি অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। হাসপাতালগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে খুব দ্রুতই বিশেষ অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে দেশে চলমান হাম ও নিউমোনিয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেন, বর্তমানে দেশে হামসহ সব ধরনের প্রয়োজনীয় টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। বিগত সময়ে হামের টিকাদানে কিছুটা গাফিলতি ও উদাসীনতা থাকার কারণেই এ জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সরকার উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং খুব দ্রুতই হাম ও নিউমোনিয়া পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন।

/এমএকে/