শিরোনাম

মেসির সঙ্গে আলাদা অনুশীলনে ডি পলের বিশ্বকাপ প্রস্তুতি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মেসির সঙ্গে আলাদা অনুশীলনে ডি পলের বিশ্বকাপ প্রস্তুতি
লিওনেল মেসি ও ডি পল।

সব ঠিক থাকলে এবার ক্যারিয়ারে দ্বিতীয় বিশ্বকাপ খেলবেন রদ্রিগো ডি পল। সেরা অবস্থায় বিশ্বকাপে যেতে প্রস্তুতির কমতি রাখছেন না এই মিডফিল্ডার। জাতীয় দল ও ক্লাব সতীর্থ লিওনেল মেসির সঙ্গে বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ডি পল।

‘লো দেল পোশো শো’ তে আর্জেন্টাইন ইউটিউবার পোশো আলভারেসকে ডি পল বলেন, ‘আমরা সেটার (বিশ্বকাপ) জন্যই প্রস্তুতি নিচ্ছি। গত দুই-তিন মাস ধরে ক্লাবের অনুশীলনের পাশাপাশি আমরা (মেসি-ডি পল) প্রতিদিন আলাদা অনুশীলন করেছি। সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করছি।’

রোমাঞ্চ নিয়ে বিশ্বকাপের অপেক্ষায় ডি পল। ইন্টার মায়ামির ৩১ বছর বয়সী ফুটবলারের বিশ্বাস, এবারও শিরোপার দাবিদার থাকবে আর্জেন্টিনা।

ডি পল বলেন, ‘বিশ্বকাপের ভাবনা ছাড়া থাকা যায় না। সময় যত ঘনিয়ে আসছে, ততই এই ভাবনাগুলো মাথায় আসছে। ভয়, অনিশ্চয়তা, আনন্দ...দল ঘোষণার অপেক্ষায় আছি। আমি মনে করি, আমাদের দল আবারও শিরোপার দাবিদার হবে।’

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

/টিই/