শিরোনাম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

সিটিজেন ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের
পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি: পিসিবি

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সানাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৫ বলে দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরির ইতিহাস গড়া ফাতিমা সানার কাঁধেই উঠছে পাকিস্তানের নেতৃত্ব। অভিজ্ঞ ও তরুণের মিশ্রণে গড়া স্কোয়াড নিয়ে ইংল্যান্ডের মাটিতে অতীতের সব ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান।

ঘোষিত স্কোয়াডে অধিনায়ক সানার সঙ্গে আছেন অভিজ্ঞ মুনিবা আলী ও আয়েশা জাফর। তবে অভিজ্ঞদের পাশাপাশি নির্বাচকেরা বড় ভরসা রেখেছেন তরুণদের ওপর। দলে ডাক পেয়েছেন ৫ জন নতুন মুখ, যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন। সবকিছু ঠিক থাকলে মেগা ইভেন্টেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে আইমান ফাতিমা, নাতালিয়া পারভেজ, রামিন শামিম, সাইরা জেবিন ও তাসমিয়া রুবাবের।

আগামী ১২ জুন ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্ট শুরুর দুই দিন পর এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এরপর সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ২০ জুন নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। আর প্রথম পর্বের শেষ দুটি ম্যাচে সানা বাহিনীকে লড়তে হবে শক্তিশালী অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-

ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, মুনিবা আলী (উইকেটকিপার), ডায়ানা বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সাইরা জেবিন, তাসমিয়া রুবাব, তুবা হাসান, আইমান ফাতিমা,।

/এমএকে/