শিরোনাম

পরাজয়ের পর অভিনয়ে ফেরার ঘোষণা সায়ন্তিকার

বিনোদন ডেস্ক
পরাজয়ের পর অভিনয়ে ফেরার ঘোষণা সায়ন্তিকার
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন নায়িকা ও তৃণমূল কংগ্রেস নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কলকাতার বরাহনগর কেন্দ্রে লড়েছিলেন তিনি। হারের কয়েকদিন পর নিজের মানসিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

পরাজয় স্বাভাবিক একটা বিষয় বলে মনে করেন সায়ন্তিকা। তিনি বলেন, ‘হার মানে তো জীবন শেষ হয়ে যাওয়া নয়।’

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘হার মানে তো জীবন শেষ হয়ে যাওয়া নয়। তবে একটা খারাপ লাগা তো থাকেই। হয়তো আমার থেকে মানুষের আরো বেশি প্রত্যাশা ছিল। আমিই হয়তো সাধারণের আশা পূরণ করতে পারিনি।’

তবে চেষ্টার কোনো কমতি রাখিনি বলে জানান অভিনেত্রী। বরাহনগরের নতুন বিধায়ক সজল ঘোষকে নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী। সায়ন্তিকা বলেন, জনগণের রায়ই শেষ কথা।

এর আগেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন সায়ন্তিকা। যদিও সেবার মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল আসনে জয় পেয়ে আবার ক্ষমতায় ফিরেছিলেন। তবে এবার ক্ষমতা হারিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

রাজনীতির জন্য গত কয়েক বছর ধরে অভিনয়জীবন থেকে দূরে ছিলেন সায়ন্তিকা। পরাজয়ের পর আবার অভিনয়ে মন দিতে চান তিনি।

সায়ন্তিকা বলেন, ‘আমার যে পেশা অভিনয়, সেটাতেই মন দিতে চাই।’ তার জন্য নিজের শারীরিক গঠন ঠিক করতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী।

এর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান ধীরে ধীরে রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। সায়ন্তিকাও সেই পথ ধরবেন কিনা সেই প্রশ্ন এখন ভক্তদের মনে।

/জেএইচ/