শিরোনাম

কান উৎসবে নজরকাড়া সাজে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
কান উৎসবে নজরকাড়া সাজে আলিয়া ভাট
আলিয়া ভাট। ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। দক্ষিণ ফ্রান্সের নীল জলরাশিঘেরা সৈকতে বসেছে বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল মেলা। ৭৯তম এ আসরের শুরুর দিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার (১২ মে) জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসব আগামী ২৩ মে পর্যন্ত চলবে। উৎসবের শুরুতেই নিজের স্টাইল ও রাজকীয় উপস্থিতি দিয়ে সবার নজর কেড়েছেন অভিনেত্রী।

উৎসবে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। প্রকাশিত ছবিগুলোতে তাকে একটি দৃষ্টিনন্দন প্যাস্টেল শেডের ফ্লোরাল প্রিন্ট গাউনে দেখা গেছে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর ঝলমলে রোদেলা আবহাওয়ার সঙ্গে তার এ সাজ যেন অনন্য এক সৌন্দর্য সৃষ্টি করেছে। হালকা মেকআপ আর ছিমছাম হেয়ারস্টাইলে তাকে যেমন স্নিগ্ধ দেখাচ্ছিল, তেমনি তার সাজে ছিল আভিজাত্যের ছাপ।

আলিয়ার নতুন লুক দেখে ভক্ত-অনুরাগীরা তাকে রাজকন্যার সাথে তুলনা করছেন। সমুদ্রতীরের উন্মুক্ত পরিবেশে তার প্রাণবন্ত উপস্থিতি ও মার্জিত ফ্যাশন সেন্স মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার এ স্নিগ্ধ সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন। সারাবিশ্বের নির্মাতা, শিল্পী ও সমালোচকদের উপস্থিতিতে মুখরিত আয়োজনে আলিয়ার এ উপস্থিতি ভারতীয় চলচ্চিত্রের গ্ল্যামারকে আবারও বিশ্বদরবারে উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছে।

/এমএকে/