শিরোনাম

সূর্যের দিকে তাকিয়ে অনুশীলন করতাম: পূর্ণিমা

বিনোদন ডেস্ক
সূর্যের দিকে তাকিয়ে অনুশীলন করতাম: পূর্ণিমা
অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: সংগৃহীত

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দুই দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় নিজের অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তবে সিনেমায় পা রাখার বিষয়টি সহজ ছিলো না। শুটিংয়ের আগে নিজেকে প্রস্তুত করতে হয়েছে। সূর্যের দিকে তাকিয়ে থেকে প্র্যাকটিস করতে হয়েছে। ক্যারিয়ারে শুরুর সেই দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে পূর্ণিমা বলেন, ‘আমাকে যখন নায়িকা হিসেবে সিলেক্ট করা হলো, তখনও আমি টের পাচ্ছিলাম না যে আমি নায়িকা। চিত্রনায়িকা যেটা বলে সেটা।’

তবে গ্রুমিং পার্টটা শুটিং হওয়ার ২০ দিন আগে শুরু হয় বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘গ্রুমিং পার্টটা ছিল সিনেমা শুটিং হওয়ার ঠিক ২০ দিন আগে থেকে। সকাল ৬ টায় উঠতাম। সূর্য যখন উঠবে তখন সানের দিকে ডিরেক্ট তাকিয়ে থাকতে বলেছে ১০ থেকে ১৫ মিনিট।’

কিন্তু সাতসকালে কেন সূর্যের দিকে তাকিয়ে থাকতে হতো সে বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন পূর্ণিমা। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় যখন আমরা ডে লাইটে কাজ করি, তখন চোখে অনেকগুলো বোর্ড দেওয়া হয়। ওই বোর্ডের আলোটা যাতে নিতে পারি সেজন্য সূর্যের দিকে তাকিয়ে থাকতে বলা। যাতে চোখ ছোট না হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বোর্ড যখন ডাবল দেয়, তখন চেহারাটা আরও উজ্জ্বল হয়। রিফ্লেকশন বোর্ডে চোখ ছোট হয়ে আসে। ফলে ডায়ালগ বলতে গিয়ে যাতে চোখে পানি না চলে আসে।’ পূর্ণিমা বলেন, নরমাল কোনো মানুষ এর দিকে তাকাতে পারবে না। তো ওটা যাতে নিতে পারি এবং চোখ যাতে ছোট হয়ে না আসে সেজন্য সূর্যের দিকে তাকিয়ে থেকে প্র্যাকটিস করতাম।’

উল্লেখ্য, একসময়ে রূপালী পর্দায় আলো ছড়ালেও দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে আছেন পূর্ণিমা।

/জেএইচ/