শিরোনাম

মুখ্যমন্ত্রী বিজয়ের প্রশংসায় কমল হাসান

বিনোদন ডেস্ক
মুখ্যমন্ত্রী বিজয়ের প্রশংসায় কমল হাসান
অভিনেতা কমল হাসান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়। ছবি: কোলাজ

অভিনয় থেকে হঠাৎ করেই বিদায় নিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন থালাপাতি বিজয়। মাত্র দুই বছরের মাথায় পেলেন সাফল্যও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন এই অভিনেতা-রাজনীতিক। শপথ নেওয়া পরপরই জনহিতকর কাজে নেমে পড়েছেন তিনি। আর তার নেওয়া পদক্ষেপেই মুগ্ধ দক্ষিণী সিনেমার আরেক কিংবদন্তী অভিনেতা কমল হাসান। বিজয়ের সংস্কারমূলক কাজের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ এই অভিনেতা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ধর্মীয় উপাসনালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন বিজয়। তার এক ঘোষণায় ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। নির্বাচনের আগে মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এটি তারই প্রথম বাস্তবায়ন বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বিজয়ের এমন পদক্ষেপে তাকে অভিনন্দন জানিয়ে কমল হাসান বলেন, ‘তামিল পরিবারগুলোর দীর্ঘদিনের একটি প্রত্যাশা আজ পূরণ হলো।’ দায়িত্ব গ্রহণের পরপরই এটি বিজয়ের অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ বলে মন্তব্য করেন এই অভিনেতা।

কমল হাসানের মতে, মদ বিক্রি করা কোনো সরকারের কাজ হওয়া উচিত নয়। আর এটি নিয়ন্ত্রণ করা সরকারের নৈতিক দায়িত্ব। তামিলনাড়ু সরকারকে এই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘৭১৭ সংখ্যাটি তো কেবল শুরু, আমি আশাবাদী ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।’

সরকারি তথ্যমতে, বর্তমানে তামিলনাড়ুতে সরকারি সংস্থার অধীনে ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। যার মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে এবং ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত। এই সব দোকানই এখন বন্ধের তালিকায়।

উল্লেখ্য, গত বছর মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকারের আয় ছিল প্রায় ৪৮ হাজার কোটি রুপি। বিপুল অঙ্কের এই রাজস্ব হারানোর ঝুঁকি থাকলেও জনস্বাস্থ্যের কথা চিন্তা করে বিজয়ের এমন পদক্ষেপ জনগণকে স্বস্তি দেবে বলে মনে করছেন কমল হাসান।

সূত্র: ইন্ডিয়া টুডে, নিউজ এইটটিন

/জেএইচ/