শিরোনাম

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ১ নম্বর সেক্টরের অধীনে সাব-সেক্টর কমান্ডার ছিলেন। চট্টগ্রামে কালোরাত্রির নৃশংসতা ঠেকাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে বীর বাঙালী যোদ্ধারা শুভপুর ব্রীজ উড়িয়ে দিয়ে কুমিল্লা থেকে আগমনকারী পাকিস্তান সেনাদলের পথ বন্ধ করে দেন। এ সময় তারা চট্টগ্রাম শহর ও ক্যান্টনমেন্টের প্রধান প্রধান এলাকা নিজেদের নিয়ন্ত্রণে এনে ফেলেন। পরবর্তীতে তিনি সি.ইন.সি স্পেশাল ট্রেনিং নিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে ওই বছরের ২৭ অক্টোবর তিনি রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা করা হয়েছিল। পরবর্তীতে তিনি সব মামলায় জামিন পান। ২০২৫ সালের ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি কারামুক্তি পান।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোশাররফ হোসেনের একটি জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে সেটির স্থান ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। এছাড়া বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

/জেএইচ/