শিরোনাম

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

বিশেষ প্রতিনিধি
কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার নতুন দাম ঘোষণা করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর রাজধানীতে গরুর প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। তবে ঢাকার বাইরের জেলাগুলোতে এ দর কিছুটা কম রাখা হয়েছে, যা প্রতি বর্গফুটে ৫৭ থেকে ৬২ টাকা হিসেবে ধার্য করা হয়েছে। গরুর চামড়ার পাশাপাশি ছাগলের চামড়ার দামেও পরিবর্তন আনা হয়েছে। সারাদেশে খাসির চামড়ার প্রতি বর্গফুটের দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দর ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, কোরবানির চামড়া যেন যথাযথভাবে সংরক্ষণ করা যায় এবং নষ্ট না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে সারা দেশে প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। সেজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে এ লবণ জেলা ও উপজেলা পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন।

/এমএকে/