শিরোনাম

পটুয়াখালীতে হানি ট্রাপে ফেলে টাকা আদায়. বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালীতে হানি ট্রাপে ফেলে টাকা আদায়. বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা ও ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতা, যুবলীগের এক কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী শহরের বনানী, সবুজবাগ ও কলেজ রোড এলাকা এবং বাউফল উপজেলার হাজিরহাট বন্দরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ মে) ও বুধবার (১৩ মে) এই অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন (৫৫), গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে মো. কবির হোসেন (৪০) এবং পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকার নুরুল হক তালুকদারের ছেলে মোহাম্মদ রাসেল তালুকদার (৩৪)। রাসেল তালুকদার যুবলীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হানি ট্র্যাপে (প্রেমের ফাঁদ) ফেলে এক ব্যবসায়ী ও এক চাকরিজীবীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্র শহিদুল নামে এক ভুক্তভোগীকে ডেকে এনে নারীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করেছে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই চক্রের সদস্যরা তার কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা তার কাছ থেকে প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে বিএনপি নেতা মোহাম্মদ আজহার উদ্দিনকে নিয়ে পটুয়াখালীর বনানী এলাকায় একটি সালিস বৈঠক বসে। সেখানে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করেন। পরে এ ঘটনায় জড়িত অন্য দুইজনকেও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

ওসি মো. মনিরুজ্জামান আরও বলেন, প্রাথমিক তদন্তে আরও কয়েকজনের কাছ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

/বিবি/