শিরোনাম

বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর

বিনোদন ডেস্ক
বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর
ছবি: সংগৃহীত

নাটকের কথা বলে সিনেমায় রূপান্তরের গুরুতর অভিযোগে শেষ পর্যন্ত বড় পর্দার ছাড়পত্র হারালো কন্ট্রাক্ট ম্যারেজ। অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থানে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিনেমাটির সেন্সর সার্টিফিকেট বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে মুক্তির আগেই চরম অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ল হাসান জাহাঙ্গীর পরিচালিত এ আলোচিত প্রজেক্টটি।

বিএফডিসি ও সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সিনেমাটি শুরুর দিকে কোনো বড় ধরনের জটিলতা ছাড়াই সেন্সর ছাড়পত্র লাভ করেছিল। তবে বিপত্তি বাধে যখন অভিনেত্রী জেবা জান্নাত কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। তার দাবি, শুটিংয়ের সময় তাকে স্পষ্ট জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্ম হিসেবে নির্মিত হচ্ছে। কিন্তু পরবর্তীতে তার কোনো সম্মতি বা নতুন চুক্তি ছাড়াই সম্পূর্ণ গোপনে প্রকল্পটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দিয়ে বড় পর্দায় মুক্তির তোড়জোড় শুরু করা হয়। জেবা জান্নাতের মতে, এটি শুধু অনৈতিকই নয় বরং পেশাদার চুক্তির শর্তাবলির সরাসরি লঙ্ঘন।

বিতর্কের এ রেশ শুধু জেবা জান্নাতের অভিযোগেই সীমাবদ্ধ থাকেনি, এতে যোগ দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেত্রী মৌসুমীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিস্ময় প্রকাশ করে তিনি জানান, প্রজেক্টটি স্বল্পদৈর্ঘ্য নাটক বা টেলিফিল্ম হিসেবেই শুরু হয়েছিল। মাঝপথে কোনো আলোচনা ছাড়াই প্রকল্পের ধরন পরিবর্তন করে এটিকে সিনেমা হিসেবে বাজারজাত করার এ প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। হাসান জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত এ প্রজেক্টটিতে জেবা জান্নাত ও মৌসুমী উভয়েই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

/এমএকে/