শিরোনাম

জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতেন মোশাররফ হোসেন: আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতেন মোশাররফ হোসেন: আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীর। ছবি : সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ বলে জানিয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আনিস আলমগীর লিখেন, আমার এলাকা চট্টগ্রামের মীরসরাইয়ের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজ মারা গিয়েছেন। ইউনূসের আমলে কারাবন্দি অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় মুক্তি পেয়েছিলেন- কিন্তু সেই অবনতি নিয়েই আজ সকাল সোয়া ১০টায় তিনি পরপারে চলে গেলেন। মোশাররফ ভাই আমার বিয়েতে- বউভাতে উপস্থিত ছিলেন। আমার আব্বা-আম্মার জানাজাতেও তাকে পেয়েছিলাম। এলাকার মানুষের সুখে-দুঃখে সঙ্গী হওয়ার এই গুণটাই তাকে আলাদা করে চিনিয়ে দিত। জনতার সঙ্গে মিশে যাওয়ার তার ছিল এক অদ্ভুত ক্ষমতা।

তিনি লিখেন, রাজনীতি থেকে অনেকটা অবসরেই ছিলেন তিনি। ২৪-এর নির্বাচনে তার পরিবর্তে তার ছেলে এমপি নির্বাচিত হয়েছিলেন। চিরবিদায় নিলেও মোশাররফ ভাই- মানুষের হৃদয়ে গভীর দাগ কেটে থাকবেন।

আনিস আলমগীর লিখেন, আওয়ামী লীগের উদ্যোগে মীরসরাইয়ের বারৈয়ার হাটে আমার ভাই মিজানুর রহমান ভূঁইয়ার শোকসভায় যোগ দিতে তিনি আমাকে সফরসঙ্গী করেছিলেন। পথে আমরা নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতেও গিয়েছিলাম- তার মায়ের মৃত্যুতে শোক জানাতে। ঢাকা থেকে গাড়িতে যেতে যেতে তার রাজনৈতিক জীবনের অনেক অজানা গল্প তিনি উন্মোচন করেছিলেন।

তিনি লিখেন, মোশাররফ হোসেন ১৯৭০ সালে সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮,২০১৪ এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এই সাংবাদিক লিখেন, মুক্তিযুদ্ধে সাব-কমান্ডার ছিলেন তিনি। আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধের ময়দানে ছিলেন তিনি। আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন- জিয়াউর রহমান চেয়েছিলেন তিনি যেন বিএনপিতে যোগ দেন। তিনি দেননি- কিন্তু জিয়াকে শ্রদ্ধা করতেন, তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। তার মুখে জিয়াউর রহমান সম্পর্কে অনেক ইতিবাচক কথা শুনেছি, যা আমি খুব কমই শুনেছি অন্য কোনো আওয়ামী লীগ নেতার কাছ থেকে। পরপারে ভালো থাকবেন মোশাররফ ভাই- আল্লাহ যেন আপনাকে বেহেস্তবাসী করেন, এই দোয়া করি।

/এসবি/