শিরোনাম

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: পরিবারের আরও এক সদস্যের মৃত্যু
ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একটি প্রাণ। চিকিৎসাধীন অবস্থায় ৪ বছর বয়সী শিশু কথা বুধবার (১৩ মে) সন্ধ্যায় মারা গেছে। দুদিন আগে সোমবার (১১ মে) একই ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বাবা মীর কালাম। বর্তমানে ও পরিবারের আরও ৩ সদস্য বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশু কথা শেষ মারা যায়। তার শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে একই ঘটনায় দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৬০ শতাংশ দগ্ধ), ছেলে মুন্না (৩০ শতাংশ দগ্ধ) এবং আরেক মেয়ে মুন্নি (৩৫ শতাংশ দগ্ধ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডা. শাওন জানান, হাসপাতালে ভর্তি থাকা তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

এর আগে রবিবার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ার সংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। পরে দগ্ধ অবস্থায় পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত। উল্লেখ্য, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালুকদিয়া গ্রামে। জীবিকার প্রয়োজনে নারায়ণগঞ্জে বসবাস করছিল পরিবারটি ।

/এমএকে/