শিরোনাম

চূড়ান্ত অনুমোদন পেলো ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চূড়ান্ত অনুমোদন পেলো ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৩ মে) সচিবালয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এদিন সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ এ কথা জানান।

বিএনপি সরকার গঠনের পর তৃতীয় একনেক বৈঠকে এসে প্রথম মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হলো। ২০৩৩ সালের জুনের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা, যা পুরোপুরি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা এলাকায় পদ্মা নদীর ওপর ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ একটি ব্যারেজ নির্মাণ করা হবে। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস, দুটি ফিশ পাস ও নেভিগেশন লক।

ভারতের ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানির ঘাটতি তৈরি হয়। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা ও মরুকরণ বাড়ছে। পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ করে খাল ও ক্যানেলের মাধ্যমে কৃষিজমিতে সেচ দেওয়া হবে।

খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের ১৯টি জেলা এ প্রকল্পের আওতায় আসবে। হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতী, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদী ব্যবস্থাপনা পুনরুজ্জীবনের পরিকল্পনাও রয়েছে এতে। পাশাপাশি সুন্দরবনে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা, ভবদহসহ জলাবদ্ধ এলাকাগুলোর পানি নিষ্কাশন উন্নয়ন এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পের আওতায় গড়াই-মধুমতী নদীতে ১৩৫ দশমিক ৬০ কিলোমিটার ড্রেজিং এবং হিসনা নদী ব্যবস্থাপনায় ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার পুনঃখনন করা হবে। এছাড়া ১৮০ কিলোমিটার এফ্লাক্স বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এ প্রকল্পে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রাখা হয়েছে। এর মধ্যে মূল ব্যারেজ থেকে ৭৬ দশমিক ৪ মেগাওয়াট এবং গড়াই অফ-টেক থেকে ৩৬ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

তবে এ প্রকল্পের পরিবেশগত প্রভাব, আন্তঃদেশীয় নদী ব্যবস্থাপনা, বিশেষ করে ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে নানা আলোচনা রয়েছে।

একনেক সভায় পদ্মা ব্যারেজসহ মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা। বাকি অর্থ সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে।

/এফসি/