শিরোনাম

মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক

সিটিজেন ডেস্ক
মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিক।

আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচারিত এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মোশাররফ হোসেনের মৃত্যুতে দেশের রাজনীতির একটি যুগের অবসান ঘটল এবং জাতি এমন একজন নিবেদিত নেতাকে হারাল, যার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, ৫৪ বছর ধরে রাজনীতি ও জনসেবায় যুক্ত থাকা এ মুক্তিযোদ্ধাকে জীবনের শেষ সময়ে যথাযথ মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তারের পর দীর্ঘ আট মাস কারাগারে ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শেখ হাসিনা দাবি করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার অসুস্থতা ও বয়স বিবেচনা না করে তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখে, যার ফলে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং পরবর্তীতে জামিন পেলেও তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি। চট্টগ্রামের মীরসরাই আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মোশাররফ হোসেন আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ ও ২০১৪ সালের আওয়ামী লীগ সরকারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে সফলতার সাথে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের অন্যতম এ নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

/এমএকে/