শিরোনাম

‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ আয়োজনের দায়িত্ব পেল ইমেকার্স

সিটিজেন ডেস্ক
‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ আয়োজনের দায়িত্ব পেল ইমেকার্স
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’র বাংলাদেশ শাখার দায়িত্ব পেয়েছে ইমেকার্স বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’র বাংলাদেশে জাতীয় পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছে ইমেকার্স বাংলাদেশ। এর ফলে এখন থেকে বাংলাদেশে এই প্রতিযোগিতার সব ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম, প্রতিযোগী নির্বাচন এবং আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের পুরো প্রক্রিয়া প্রতিষ্ঠানটি পরিচালনা করবে।

‘মিস ইন্টারকন্টিনেন্টাল অর্গানাইজেশন’-এর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ইমেকার্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম আশরাফকে বাংলাদেশ শাখার জাতীয় পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

১৯৭১ সালে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ সৌন্দর্য আসর হিসাবে পরিচিত। এবারের আয়োজন হবে এর ৫৩তম আসর, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ থেকেও একজন প্রতিযোগী অংশ নেবেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন।

ইমেকার্স বাংলাদেশ এর আগে দেশের ইভেন্ট ও বিনোদন খাতে বেশ কয়েকটি বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে অরিজিৎ সিং এবং নেহা কাক্কর-এর ঢাকা কনসার্ট। এছাড়া নেপালে ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো আয়োজনও করেছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে নাঈম আশরাফ জানান, আন্তর্জাতিক মানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি রিয়েলিটি শো আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ নির্বাচিত করা হবে।

তিনি বলেন, এই প্ল্যাটফর্ম দেশের তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করবে।

/এমআর/

বিষয়:

বিনোদন