শিরোনাম

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন ডা. জুবাইদা রহমান। ছবি: পিএমও

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য সাধ্যমতো সর্বাত্মক স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য। বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিনের অবহেলার শিকার। তবে প্রতিটা নাগরিক যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, সেই ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে এবং স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত ও অসমভাবে বঞ্চিত। মানসম্মত সেবায় প্রবেশাধিকার পেতে প্রতিদিন লাখো মানুষ লড়াই করছে। স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ সরাসরি জনগণ বহন করে। ফলে অসুস্থতা এখন দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ।’

প্রধানমন্ত্রীর সহধর্মিণী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, আর কোনোদিন কড়াইল-ভাসানটেক ও সাততলার জনগণ চিকিৎসাসেবা থেকে যেন বঞ্চিত না হয়। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যেন সুচিকিৎসা পায়। অন্তঃসত্ত্বা মা-বোনেরা জটিল সমস্যার সমাধান এবং চিকিৎসা যেন সহজে ও দ্রুত পায়।’

ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমাদের এই এলাকাবাসীর মধ্যে কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী প্রয়োজন, যারা সবাইকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সম্পর্কে জানাবে। আমি আশাবাদী, ঢাকা-১৭ আসনের অন্তর্গত স্বেচ্ছাসেবী ও কুর্মিটোলার সদস্যরা একত্রিত হয়ে বহু প্রাণ বাঁচাতে সক্ষম হবে। এখানকার স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে।’

এর আগে, ডা. জুবাইদা রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যা আইসিইউর উদ্বোধন করেন। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এসময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/