শিরোনাম

তারেক রহমান এরশাদের মতো দেশ চালাতে চাচ্ছেন: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
তারেক রহমান এরশাদের মতো দেশ চালাতে চাচ্ছেন: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সিটিজেন জার্নাল

হুসেইন মুহাম্মদ এরশাদ সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। একই কায়দায় তারেক রহমানও রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বিগত ১৭/১৮ বছর ধরে তারা বারবার গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু নির্বাচিত হওয়ার পরপর তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় নিজেদের লোক বসিয়েছেন। যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছেন এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাদের দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর পাঁয়তারা করছে।

তিনি বলেন, আপনারা দ্রুত নির্বাচনের আয়োজন করুন। নইলে এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে সেটাও মাথায় রাখবেন।

এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করেছে। এই ভুল রাজনীতির ফলে বিএনপির তরুণ প্রজন্মও তাদের রাজনীতি প্রত্যাখ্যান করছে। ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীরাও এনসিপিতে যোগদান করবে।

/এসবি/