শিরোনাম

বড় চমক দেখালেও বিজয়ের সরকার গঠনে যে বাধা

সিটিজেন ডেস্ক
বড় চমক দেখালেও বিজয়ের সরকার গঠনে যে বাধা
থালাপাতি বিজয়। ছবি: আনন্দবাজার

জনপ্রিয়তার শীর্ষে থেকে হঠাৎ অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে নামার ঘোষণা দেন থালাপাতি বিজয়। ২০২৪ সালে তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) দল গঠন করে মাত্র দুই বছরেই পেলেন সাফল্য। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়েছে অভিনেতার দল।

সোমবার (৪ মে) ভোট গণনা করা হয়। এতে ডিএমকে পেয়েছে ৭৫টি এবং এআইএডিএমকে পেয়েছে ৫০টি আসন।

তবে সবচেয়ে বেশি আসন পেয়েও এখনই সরকার গঠন করতে পারছেন না বিজয়। কারণ, রাজ্যটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সে হিসাবে অভিনেতার দল ১০ আসনে পিছিয়ে রয়েছেন।

সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গভর্নর বিজয়ের দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। সেক্ষেত্রে দলটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারে এবং পরবর্তীতে অন্য দলের সমর্থন নেওয়ার চেষ্টা করবে।

ডিএমকে জোটের কিছু দল যেমন কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিসিকে তাদের সমর্থন দিতে পারে বলে আশা করছেন দলটির নেতারা। পাশাপাশি পিএমকের পাঁচটি আসন থেকেও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির মিত্র এআইএডিএমকের সঙ্গে জোটের সম্ভাবনা কম।

এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে এখন জোর আলোচনা ও দরকষাকষি চলছে।

এদিকে অভিনেতা থালাপতি নিজে পেরাম্বুর নির্বাচনী এলাকা থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তার এই সাফল্যে তারকারা অভিনন্দনের বর্ষণ ঘটাচ্ছেন।

থালাপতির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত বলেন, ‘তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের জন্য থালাপতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল।’

অভিনেতা ধানুশ বলেন, প্রথমবার নির্বাচনী মাঠে নেমেই জনগণের এমন ভালোবাসা ও সমর্থন পাওয়া সত্যিই অভাবনীয়।

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, থালাপতি একজন আদর্শ নেতা হিসেবে আবির্ভূত হয়ে তামিলনাড়ুকে দুর্নীতিমুক্ত রাজনীতি, সামাজিক ন্যায়বিচার ও সমতার পথে নিয়ে যাবেন।

জনপ্রিয় তারকা রামচরণ ও রাশমিকা মান্দানাও থালাপতির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাশমিকা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনার এই নতুন অধ্যায় দেখতে পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত, আনন্দিত। এছাড়া প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান বিজয়ের ওপর জনগণের আস্থার প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/জেএইচ/