শিরোনাম

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা

সিটিজেন ডেস্ক
মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা
প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। ছবি: সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। এতে ভক্ত-অনুরাগীদের মধ্যে সৃষ্টি হয় উদ্বেগ ও বিভ্রান্তি। তবে নিজেই এ বিষয়ে মুখ খুলে সব গুজব উড়িয়ে দিয়েছেন তিনি।

বর্তমানে ভারতের দিল্লতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অবস্থান করছেন এই খ্যাতিমান শিল্পী। সেখানেই অবস্থানকালে তার মৃত্যুর ভুয়া খবর দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নজরে আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ভক্তদের আশ্বস্ত করেন রুনা লায়লা। তিনি স্পষ্টভাবে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে।’ এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আমি বহাল তবিয়তে বেঁচে আছি। সবাইকে অনুরোধ করব, কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই তথ্য যাচাই করুন। কারণ এসব গুজব আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।’

প্রসঙ্গত, ১৯৬৬ সালে উর্দু ভাষার চলচ্চিত্র হাম দোনো-এ ‘উনকি নজরোঁ সে মোহাব্বত কা জো পয়গাম মিলা’ গান পরিবেশনের মাধ্যমে সংগীতজগতে আলোচনায় আসেন রুনা লায়লা। পরবর্তীতে ১৯৬০-এর দশকে পাকিস্তান টেলিভিশনে নিয়মিত পরিবেশনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

এরপর ‘ও মেরা বাবু চেল চাবিলা’ ও ‘দামা দম মাস্ত কালান্দার’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে ভারতসহ পুরো উপমহাদেশে নিজের অবস্থান আরও শক্ত করেন এই গুণী শিল্পী।

/এমআর/