শিরোনাম

গ্রামে লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
গ্রামে লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

গ্রামে কোনো লোডশেডিং নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই। পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তবে লাইন ঠিক হলে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।’

তিনি বলেন, ‘লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল। যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে দুটি মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। কয়দিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম, সাত দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নেই।’

তেল সংকটের জন্য লোডশেডিং হয়নি দাবি করে তিনি বলেন, ‘কিছুদিন আগে যে লোডশেডিং দেখা গিয়েছিল, তা তেলের সংকটের কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সম্প্রতি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘সোলার প্যানেলের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে আগামী তিন মাসের মধ্যে ডিসি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকেরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’