শিরোনাম

নাটকীয় লড়াইয়ে মমতার পরাজয়, বড় ব্যবধানে জয়ী শুভেন্দু

সিটিজেন ডেস্ক
নাটকীয় লড়াইয়ে মমতার পরাজয়, বড় ব্যবধানে জয়ী শুভেন্দু
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রায় ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

এই আসনে সরাসরি লড়াই হয়েছিল রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। শেষ পর্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর হাসি ফুটেছে শুভেন্দুর মুখে।

শুভেন্দু অধিকারী এ নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুই কেন্দ্রেই জয় পান। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভবানীপুর থেকেই নির্বাচন করেন। এই পরাজয়ের ফলে তার বিধানসভায় প্রবেশের পথ আপাতত বন্ধ হয়ে গেল।

ভোট গণনা অনুষ্ঠিত হয় দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। বিকেলের দিকে গণনাকেন্দ্রে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার এক পর্যায়ে শুভেন্দু এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কেন্দ্র ত্যাগ করার আগে তিনি অভিযোগ করেন, এবারের নির্বাচনে শতাধিক আসনে অনিয়ম ও ‘লুটপাট’ হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা বলেন, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা এখনও অনেক বাকি। শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে।

নিজ কেন্দ্র ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি দলীয় প্রার্থী ও গণনা এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানান। তার দাবি, পরিকল্পিতভাবে ফল প্রভাবিত করার চেষ্টা চলছে।

এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরই কড়া নিরাপত্তার মধ্যে তিনি গণনাকেন্দ্র ত্যাগ করে কালীঘাটের বাসভবনের উদ্দেশে রওনা হন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

/এমআর/