শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছি: বাণিজ্যমন্ত্রী
মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাণিজ্য খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আপলাকালে এ কথা বলেন তিনি।

এদিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক বাণিজ্যচুক্তির বিভিন্ন দিক ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা হয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘যেকোনো চুক্তিতে উভয় পক্ষের স্বার্থের সমন্বয় থাকে। যদি কখনো মনে হয়, চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, তবে তা সংশোধন করার সুযোগ চুক্তির ভেতরেই আছে। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা কোনো ব্যক্তিগত বিষয় নয়– যে চাইলেই শেষ করে দেওয়া যাবে। এই চুক্তির সুবিধা কাজে লাগিয়ে আগামী দিনে ব্যবসা ও বিনিয়োগ (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট) সম্প্রসারণ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘৩০১ ধারা’ অনুযায়ী শুরু হওয়া তদন্তের বিষয়ে প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা তাদের (মার্কিন প্রতিনিধি দল) কাছে বিষয়টি ব্যাখ্যা চেয়েছিলাম এবং তারা ব্যাখ্যা দিয়েছে। প্রাপ্ত ব্যাখ্যার প্রেক্ষিতে আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই চুক্তিটি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তবে যেহেতু আমরা জনগণের নির্বাচিত সরকার, তাই বর্তমান সরকার সব সময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে।’

/এফআর/