শিরোনাম

রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

বিশেষ প্রতিনিধি
রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইউএনএইচসিআরের প্রতিনিধি দল। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ উদ্বেগের কথা জানান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিসকক্ষে এই সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এখন সময়ের দাবি।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, অত্যন্ত সীমিত জায়গায় বিপুল জনসংখ্যার ঘনত্বের কারণে শরণার্থীরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বাড়ানো অনেক কঠিন। সমস্যা সমাধানে তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ইরান উত্তেজনার মতো বৈশ্বিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়। তিনি রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।

ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে অনুষ্ঠেয় রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ (জেআরপি) উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাতের শুরুতে ইভো ফ্রেইসেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং মন্ত্রী তাকে স্বাগত জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফসি/