শিরোনাম

প্রতিপক্ষকে গুলির পর মারধরে নিহত খুনের আসামি

কুমিল্লা সংবাদদাতা
প্রতিপক্ষকে গুলির পর মারধরে নিহত খুনের আসামি
নিহত আবদুল লতিফ ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির নাম আবদুল লতিফ ভূঁইয়া। তিনি মানিককান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে। ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি। প্রায় পাঁচ মাস জেল খেটে বৃহস্পতিবার (৭ মে) তিনি জামিনে ছাড়া পান।

তিতাস থানার ওসি মোহাম্মদ মনিরুল হক বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি বাজারে এক ব্যক্তিকে গুলি করেন আসামি লতিফ ভূঁইয়া। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর জনতা তাকে ধরে পিটুনি দেয়।

তিনি আরও বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে লতিফ ভূঁইয়াকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় পাঠানো হয়। রাত পৌনে ২টার দিকে পথেই লতিফ মারা যান। তার মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

তিতাস থানার ওসি মোহাম্মদ মনিরুল হক বলেন, লতিফের মরদেহ কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

/এসআর/