শিরোনাম

রাজধানীতে নতুন বসানো এআই ট্রাফিক ক্যামেরা চুরি

সিটিজেন ডেস্ক
রাজধানীতে নতুন বসানো এআই ট্রাফিক ক্যামেরা চুরি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ধরতে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশেষ ক্যামেরা চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় স্থাপিত একটি উচ্চপ্রযুক্তির ক্যামেরার অংশবিশেষ খুলে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

আইন প্রয়োগকারী সংস্থার নজরদারির জন্য ব্যবহৃত যন্ত্রই খোদ জনসম্মুখে চুরি হওয়ার এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস ও সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই বিষয়টিকে চোরের ওপর বাটপারি হিসেবে আখ্যা দিয়ে জননিরাপত্তা ও সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকায় নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

চুরির বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা জানান, ৩০০ ফিট সড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংলগ্ন অংশ থেকে একটি এআই ক্যামেরার যন্ত্রাংশ চুরির সংবাদ তাদের নজরে এসেছে। ইতোমধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, রাজধানীর বিশৃঙ্খল সড়ক ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে ডিএমপি সম্প্রতি শাহবাগ (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়), বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেটের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এ স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারি সিস্টেম চালু করেছে। এ প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক সিগন্যাল অমান্যকারী গাড়িগুলোকে মুহূর্তেই শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া সম্ভব। বর্তমানে ফার্মগেটে এর স্থাপনের কাজ চলছে এবং আগামী ৬ মাসের মধ্যে ঢাকার প্রায় ৫০০টি গুরুত্বপূর্ণ মোড়কে এ সিস্টেমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা খোদ ডিভাইসই চুরির শিকার হওয়ায় পুরো প্রকল্পের মাঠপর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

/এমএকে/