শিরোনাম

চরম খাদ্য সংকটে ইউক্রেনীয় সেনারা

সিটিজেন ডেস্ক
চরম খাদ্য সংকটে ইউক্রেনীয় সেনারা
ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

ইউক্রেনের সম্মুখ সমরে রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত সেনাদের একটি বড় অংশ বর্তমানে ভয়াবহ খাদ্য ও পানীয় সংকটের মুখে পড়েছেন। রণক্ষেত্রে টানা কয়েক সপ্তাহ ধরে পর্যাপ্ত রসদ না পৌঁছানোয় অনেক যোদ্ধা অনাহারে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বিশেষ করে এপ্রিলের শেষভাগে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ জন অত্যন্ত শীর্ণকায় ও হাড্ডিসার ইউক্রেনীয় সেনার ছবি প্রকাশ্যে আসার পর এ সংকটের গভীরতা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ওস্কিল নদীর পূর্ব তীরে মোতায়েন থাকা সেনারা টানা ১৭ দিন কোনো প্রকার খাদ্য সরবরাহ ছাড়াই অবস্থান করছিলেন। রুশ বাহিনীর হামলায় নদীর ওপরের গুরুত্বপূর্ণ সেতুটি ধ্বংস হয়ে যাওয়ায় তারা মূল ইউনিট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং রসদ পাওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে আনাস্তাসিয়া সিলচুক নামে এক সেনার স্ত্রী জানান, অনাহারে যোদ্ধারা রণাঙ্গনেই অজ্ঞান হয়ে পড়ছেন এবং তৃষ্ণা মেটাতে তারা বৃষ্টির পানি পান করছেন। অভিযোগ উঠেছে, সেনাদের পক্ষ থেকে রেডিও বার্তায় বারবার সাহায্যের আবেদন জানানো হলেও তা যথাযথ গুরুত্ব পায়নি। ওলেক্সান্দর নামের এক সেনা সদস্যের ভাষ্যমতে, দীর্ঘ সময় কেবল চকোলেট বার, ওটমিল আর নামমাত্র পানির ওপর নির্ভর করে তাদের টিকে থাকতে হয়েছে। একবেলা গরম খাবার পাওয়া ছিল তাদের কাছে স্বপ্নের মতো।

সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে সার্বক্ষণিক ড্রোনের নজরদারি ও তীব্র হামলার কারণে প্রচলিত সরবরাহ ব্যবস্থা বর্তমানে প্রায় অচল হয়ে পড়েছে। এখন খাবার, ওষুধ ও গোলাবারুদ পৌঁছাতে মূলত ড্রোন ও রোবোটিক যানের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে সামরিক গবেষকদের একাংশ মনে করেন, পুরো ইউক্রেনীয় বাহিনীর খুব সামান্য অংশ এ আধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্য সরবরাহ পাচ্ছে, যার ফলে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলেই অনাহারের ঝুঁকি তৈরি হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্রিগেডের কমান্ডারকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, এ খাদ্যসংকটকে কোনোভাবেই ব্যবস্থাগত সমস্যায় রূপ নিতে দেওয়া হবে না। অন্যদিকে, রুশ বাহিনীর ভেতরেও একই ধরনের খাদ্যসংকটের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ সেনাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে নামমাত্র খাবার দিয়ে পাঠানো হচ্ছে, যা অনেক বিচ্ছিন্ন এলাকায় এক ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/