শিরোনাম

নবীনগরে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলা, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
নবীনগরে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলা, আটক ৫
র‌্যাবের সংবাদ সম্মেলন। ছবি: সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৯। এসময় কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. নূরন্নবী।

আটকরা হলেন– নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির, নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ, মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া, হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী এবং জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সোমবার বিকালে জেলার বাঞ্ছারামপুর এলাকায় তথ্য সংগ্রহের উদ্দেশে যাচ্ছিলেন র‍্যাবের তিন গোয়েন্দা সদস্য। পথে নবীনগরের খাগাতোয়া গ্রামে পৌঁছালে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে গোয়েন্দা সদস্যদের জিম্মি করে একটি আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আটকে রেখে মারধর করা হয়। এসময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

র‍্যাব আরও জানায়, খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাব-৯ অভিযান চালায়। অভিযানের সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও হামলার ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়। আটক আব্দুল কাদির হামলার অন্যতম হোতা।

/এসআর/