শিরোনাম

অনিয়মের অভিযোগে ৬ হজ এজেন্সিকে শোকজ

বিশেষ প্রতিনিধি
অনিয়মের অভিযোগে ৬ হজ এজেন্সিকে শোকজ
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের নিবন্ধন বাতিল করে অন্য হজযাত্রী প্রতিস্থাপনের অভিযোগে ছয়টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে এজেন্সিগুলোকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত এজেন্সিগুলো হচ্ছে, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এফএম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ফিহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মীর আমেনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, শীতলক্ষ্যা ট্রাভেলস লিমিটেড এবং আনসারী ওভারসিজ।

জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্মসচিব মঞ্জুরুল হক সিটিজেন জার্নালকে বলেন, নিয়ম লঙ্ঘন করে ১৯ জন হজযাত্রী প্রতিস্থাপন করে বলে অভিযোগ ওঠে। এ কারণে ছয়টি এজেন্সিকে ডাকা হয়েছে। তারা এসে লিখিত ব্যাখ্যা দেবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ছয়টি এজেন্সি মূল হজযাত্রীদের অনুমতি ছাড়াই তাদের নিবন্ধন বাতিল করে সেখানে নতুন লোকজনকে হজে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল। সরকারি বিধি অনুযায়ী, কোনো হজযাত্রী মারা গেলে বা গুরুতর অসুস্থ হলে কেবল তখনই নিয়ম মেনে অন্য কাউকে প্রতিস্থাপন করার সুযোগ রয়েছে। কিন্তু এসব এজেন্সি আইন লঙ্ঘন করে এই কাজ করেছে।

এজেন্সিগুলো নির্ধারিত সময়ের মধ্যে এর সঠিক জবাব দিতে না পারলে ২০২১ সালের ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। হজযাত্রীদের নিরাপত্তা এবং প্রতারণা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এমআর/