শিরোনাম

বিজয়ের এক ঘোষণায় বন্ধ হচ্ছে ৭১৭ মদের দোকান

সিটিজেন ডেস্ক
বিজয়ের এক ঘোষণায় বন্ধ হচ্ছে ৭১৭ মদের দোকান
থালাপাতি বিজয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তার পর ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপাতি বিজয়। দায়িত্ব গ্রহণের পরই কাজে নেমে পড়েছেন তিনি। রাজ্যটিতে সরকার পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন অভিনেতা থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসা বিজয়।

সরকারি নির্দেশে বলা হয়েছে, রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে সরকার পরিচালিত যেসব মদের দোকান আছে, সেগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। এর ফলে ৭১৭টি মদের দোকানের কার্যক্রম বন্ধ হতে চলেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, ‘জনগণের কল্যাণে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।

বর্তমানে তামিলনাড়ুতে সরকার পরিচালিত ৪৭৬৫টি খুচরা মদের দোকান রয়েছে।

এর আগে ৫ দিনের নাটকীয়তার পর গত রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। নির্দিষ্ট আসন না পাওয়ায় ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম) ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জোট সরকার গড়েছেন তিনি।

ক্ষমতা নেওয়ার পরপরই মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে কতগুলো সরকার পরিচালিত মদের দোকান আছে, সংশ্লিষ্টদের তা পর্যালোচনার নির্দেশ দেন।

যাচাই-বাছাই শেষে দেখা যায়, তামিলনাড়ুজুড়ে ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ এসেছে। এর মধ্যে ২৭৬টির অবস্থান ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে। আর ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/জেএইচ/