শিরোনাম

ট্রাম্পকে হত্যাচেষ্টা ‘সাজানো নাটক’, বলছে জরিপ

সিটিজেন ডেস্ক
ট্রাম্পকে হত্যাচেষ্টা ‘সাজানো নাটক’, বলছে জরিপ
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজ করেসপন্ডেন্টদের বার্ষিক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা মার্কিনিদের মনে গভীর বিভক্তি ও সন্দেহের রেখা টেনে দিয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় এক-চতুর্থাংশ আমেরিকান নাগরিক এ প্রাণঘাতী হামলার প্রচেষ্টাকে একটি সাজানো নাটক হিসেবে বর্ণনা করছেন।

অনলাইন সংবাদ যাচাইকারী বৈশ্বিক প্রতিষ্ঠান নিউজগার্ড পরিচালিত জরিপে উঠে এসেছে, দেশটির ২৪ শতাংশ মানুষ মনে করেন এ পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং সাজানো। তবে ৪৫ শতাংশ অংশগ্রহণকারী এ ঘটনায় সন্দেহের কোনো অবকাশ নেই বলে মত দিয়েছেন এবং প্রায় ৩২ শতাংশ নাগরিক বিষয়টি নিয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি।

গবেষণা প্রতিষ্ঠান ইউগভ এর কারিগরি সহায়তায় ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এক হাজার মার্কিন নাগরিকের ওপর এ জরিপটি পরিচালনা করা হয়। জরিপের ফলাফল বিশ্লেষণে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিভাজন পরিলক্ষিত হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ৩ জন সমর্থকের মধ্যে একজন বিশ্বাস করেন ট্রাম্পের ওপর হামলার এ ঘটনাটি একটি সাজানো নাটক হতে পারে। এর বিপরীতে, রিপাবলিকান সমর্থকদের প্রতি ৮ জনের মধ্যে মাত্র একজন এমন সংশয় প্রকাশ করেছেন। এছাড়া বয়সের দিক থেকেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। প্রবীণদের তুলনায় তরুণ প্রজন্মের মার্কিনিদের মধ্যে ঘটনাটিকে কৃত্রিম বা সাজানো হিসেবে দেখার প্রবণতা অনেক বেশি প্রকট।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের হিল্টন হোটেলে আয়োজিত হোয়াইট হাউজ করেসপন্ডেন্টদের ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম মেয়াদে তিনি কখনোই এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দেননি এবং এটিই ছিল তার প্রথম অংশগ্রহণ। সেখানেই তাকে লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগ ওঠে এবং এর পরপরই সন্দেহভাজন হামলাকারী কোলে টমাস অ্যালেনকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে এ ব্যক্তির বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রসহ ৪টি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে।

জরিপের এ হতাশাজনক ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন একে অত্যন্ত বিস্ময়কর বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এ পরিসংখ্যান মূলত মার্কিন সরকার এবং মূলধারার সংবাদ মাধ্যমের প্রতি সাধারণ মানুষের বিদ্যমান চরম আস্থাহীনতাকেই প্রতিফলিত করছে। রুবিনসনের মতে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও মানুষ এখন ক্রমশ প্রশাসন ও প্রতিষ্ঠিত গণমাধ্যমের প্রতি আস্থা হারাচ্ছে, যার ফলে তারা অনলাইনে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের ওপর অতি সহজেই বিশ্বাস স্থাপন করছে। অন্যদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গল এ সংশয়বাদীদের কঠোর সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন যে, যারা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চালানো এ হত্যাচেষ্টাকে নাটক বলে মনে করেন, তারা নিতান্তই নির্বোধ।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

/এমএকে/