শিরোনাম

সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে: জামায়াত আমির
বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের বাজার অস্থিতিশীল থাকার পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজরা দায়ী। তাদের কারণেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।’

বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখা খুবই জরুরি। তাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের স্বার্থে এসব বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল সব সময়ই সোচ্চার থাকবে।’

বাজার পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান প্রমুখ।

/এফআর/