শিরোনাম

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে নারায়ণগঞ্জে মানুষের ভিড়

নারায়ণগঞ্জ সংবাদদাতা
‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে নারায়ণগঞ্জে মানুষের ভিড়
নারায়ণগঞ্জের একটি ফার্মে গোলাপি রঙের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। ছবি: সংগৃহীত

শিরোনামটি দেখে একটু কি চমকে গেলেন! ভাবছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, এর মধ্যে কখন তিনি বাংলাদেশে এলেন আর নারায়ণগঞ্জে গেলেন?

আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে আসেননি, নারায়ণগঞ্জেও যাননি। নারায়ণগঞ্জেই আছে এক ডোনাল্ড ট্রাম্প! সেই ডোনাল্ড ট্রাম্প নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মের এলবিনো জাতের গোলাপি রঙের একটি মহিষ।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাবেয়া অ্যাগ্রো ফার্মে এখন নানা জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়ার সমাহার। এর মধ্যেই আলাদাভাবে সবার নজর কাড়ছে ডোনাল্ড ট্রাম্প নামের গোলাপি মহিষটি। মহিষটির মাথার চুল তুলনামূলক বড়। খামারের মালিক জিয়া উদ্দিন মৃধার কাছে সেই চুল অনেকটাই ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো’। এ কারণেই মহিষটির নাম তারা ডোনাল্ড ট্রাম্প রেখেছেন।

মহিষটির নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রায় প্রতিদিনই এটিকে দেখতে শহরের নানা প্রান্ত থেকে ওই ফার্মে ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সের মানুষ।

মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। লাইভ ওয়েট হিসেবে ৫৫০ টাকা কেজি দরে এরইমধ্যে মহিষটি বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। কোরবানি ঈদের দুইএকদিন আগে ওই ক্রেতা মহিষটি খামার থেকে নিয়ে যাবেন।

/আরএ/এফসি/