শিরোনাম

নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা নিয়েছেন ৫ উইকেট। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে দলীয় ১২১ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। ফজলকে ফেরানোর পরের বলে তাসকিন আহমেদ এলবিডব্লিউর আবেদন করেন। আবেদনে সাড়া দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে রিভিউ নিয়ে বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে রিজওয়ান-সৌদ শাকিল জুটি বড় হতে থাকে। জুটি ভাঙতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তাইজুল একবার রিভিউ নিয়ে রিজওয়ানকে ফেরাতে চেয়েছেন, কাজ হয়নি।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পেসার নাহিদ রানা। টানা দুই ওভারে তিনি আউট করেন শাকিল ও রিজওয়ানকে। ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়টাও নিশ্চিত করেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১০৪ রানে। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়, দেশের মাটিতে প্রথম।

রানার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বল শাকিলের ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। তাতে ভাঙে ৩১ রানের জুটি। নাহিদের পরের ওভারে বল ছেড়ে দেন রিজওয়ান। বল ইনসুইং করে অফ স্টাম্পে লাগে।

এরপর হাসান আলীকে (১) ফেরান তাইজুল ইসলাম। এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি নোমান। ৮ উইকেট নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সেই স্বপ্ন দ্রুইত বাস্তবে রূপ দেন নাহিদ রানা। নোমান আলীকে (৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রানা। শেষে শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সঙ্গে ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েন নাহিদ।

রানা এই টেস্টে নিজের শেষ স্পেলে ৪ ওভার ৫ বলে ২ মেডেন দিয়ে ১০ রানে ৪ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তার বোলিং ফিগার এমন- ৯.৫-২-৪০-৫। ইনিংসে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিলেন নাহিদ। এটি তার ইনিংসসেরা বোলিংও।

তার আগে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রানে ডিক্লেয়ার করে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। ১ উইকেটে ৬ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় পাকিস্তান।

শেষ দুই সেশনে পাকিস্তানের ৯ উইকেট তুলে নিতে পারবে কিনা বাংলাদেশ সেটি ছিল বড় প্রশ্ন। চা-বিরতির সময় পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ১১৬। তবে চা-বিরতির পরই ধীরে ধীরে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ।

এক সেশনের মধ্যে ৭ উইকেট তুলে নেওয়ার শুরুটা করেছিলেন তাইজুল। তিনি আব্দুল্লাহ ফজলকে (৬৬) ফিরিয়ে ৫১ রানের জুটি ভাঙেন। তাসকিন আউট করেন সালমান আগাকে (২৬)। এরপর পাকিস্তানের বাকি পাঁচ উইকেটের চারটি তুলে নিয়ে পাকিস্তানকে ১৬৩ তে থামিয়ে দেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে তাইজুল ও তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। মিরাজ নিয়েছেন ১ উইকেট।

বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪১৩ রান। সেই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানকে ৩৮৬ রানে থামিয়ে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ২৪০ রানের মধ্যে শান্ত করেন ৮৭ রান। দুই ইনিংসে দারুণ ব্যাট করা শান্ত হয়েছেন ম্যাচসেরা।

আগামী ১৬ মে সিলেটে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে অপরিবর্তীত দল নিয়েই খেলতে নামবে বাংলাদেশ।

/টিই/