শিরোনাম

দুবাই ও জেদ্দায় যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ কর্মকর্তা-কর্মচারী

বিশেষ প্রতিনিধি
দুবাই ও জেদ্দায় যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ কর্মকর্তা-কর্মচারী
ছবি: সিটিজেন গ্রাফিক্স

প্রবাসী বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট প্রদান ও নবায়ন সংক্রান্ত কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের জেদ্দা সফরে যাচ্ছেন। আজ মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সৌদি আরব সফরের জন্য মনোনীত আট সদস্য হলেন- মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জোসেফা ইয়াসমিন, সিস্টেম অ্যানালিস্ট আইয়ুব হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা আবদুস সাত্তার ও আতিকা হক সিনজান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শামীমা আক্তার শিমু ও হাবিবুর রহমান, স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর আতিকুর রহমান এবং কম্পিউটার অপারেটর মমিনুল ইসলাম।

এদিকে দুবাই সফরের জন্য মনোনীত সাত সদস্য হলেন- মন্ত্রণালয়ের উপ-সচিব হাফিজ আল আসাদ ও মো. শিমুল আক্তার, প্রশাসনিক কর্মকর্তা আলকামার আলী ও হাসান আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তাপস নয়ন দাস ও রফিকুল ইসলাম এবং পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারি পরিচালক আব্দুস সাত্তার।

প্রজ্ঞাপনে বলা হয়, মিশনের জন্য নির্বাচিত অফিস সহকারী এবং কারিগরি পর্যায়ের কর্মীরা আগামী পহেলা জুন থেকে ৩০ জুন পর্যন্ত পুরো এক মাস সেখানে অবস্থান করবেন। তবে উর্ধ্বতন কর্মকর্তারা ভিন্ন ভিন্ন মেয়াদে পাঁচদিন করে সেখানে অবস্থান করে কার্যক্রম তদারকি করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সফরকালীন সময়টি ‘অন ডিউটি’ হিসেবে গণ্য হবে এবং বেতন-ভাতা বাংলাদেশী টাকায় প্রদান করা হবে। সফরকারীদের দেশে ফেরার সাতদিনের মধ্যে সিনিয়র সচিবের কাছে সফর ও কাজের অগ্রগতি বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে।

দুই দেশের পাসপোর্ট অফিসে কর্মকর্তা–কর্মচারীদের স্বল্প সময়ের জন্য এ নিয়োগ দেওয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশী পাসপোর্ট সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

/এমআর/