শিরোনাম

আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা ও সাবিনা

সিটিজেন ডেস্ক
আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা ও সাবিনা
অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড-এর ৫ম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন ঢালিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন।

আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইফা অ্যাওয়ার্ড সিজন ৫-এর জমকালো আয়োজন। অনুষ্ঠানের সবচেয়ে বড় সম্মাননা হিসেবে এই দুই গুণী শিল্পীকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।

এ উপলক্ষে দুই গুণী শিল্পীর হাতে বাইফার পরিচালকমণ্ডলীর সদস্য মাসিদ রণ বাইফা সিজন ৫-এর উপহার বক্স তুলে দেন। দুজনই এই পুরস্কার নিজ হাতে গ্রহণের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

সুচন্দা ও সাবিনা ইয়াসমিনের হাতে অ্যাওয়ার্ডের সুভ্যেনির তুলে দিচ্ছেন বাইফার পরিচালকমণ্ডলীর সদস্য মাসিদ রণ। ছবি: সংগৃহীত
সুচন্দা ও সাবিনা ইয়াসমিনের হাতে অ্যাওয়ার্ডের সুভ্যেনির তুলে দিচ্ছেন বাইফার পরিচালকমণ্ডলীর সদস্য মাসিদ রণ। ছবি: সংগৃহীত

সুচন্দা বলেন, ‘বহু বছর ধরে অভিনয় করেছি শতভাগ নিষ্ঠার সঙ্গে। সিনেমা প্রযোজনা ও পরিচালনাও করেছি। কিন্তু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আমি। তারপরও যে নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে, এজন্য সত্যি আনন্দ হচ্ছে। কারণ, বাইফা অ্যাওয়ার্ডের সঙ্গে এ প্রজন্মের স্বপ্নবাজ তরুণরা যুক্ত। তারা আমাকে যখন তাদের আয়োজনের কথা জানায়, আমার খুব ভালো লাগে। তাই আমি এর আগে অনেক ধরনের পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানালেও বাইফা আজীবন সম্মাননা গ্রহণ করছি আনন্দচিত্তে।’

সাবিনা ইয়াসমিন বলেন, ‘পুরস্কার যে কোন শিল্পীর জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক। আমার সৌভাগ্য যে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি দর্শক শ্রোতার আকুণ্ঠ ভালোবাসার পাশাপাশি দেশ-বিদেশের বহু পুরস্কার লাভ করেছি। তারপরও বলব, বাইফা আজীবন সম্মাননা আমার কাছে স্পেশাল। কারণ, বাইফা অ্যাওয়ার্ডের সঙ্গে নতুন প্রজন্মের স্বপ্নবাজ তরুণরা যুক্ত। তারাও যে আমার গান শোনে, ভালোবাসে, আমাকে আপন করে নেয়, সেটাই তো একজন শিল্পীর সবচেয়ে বড় পুরস্কার। তাদের পুরো আয়োজনের পরিকল্পনা শুনে আমার ভালো লেগেছে। তাই বাইফা আজীবন সম্মাননা আনন্দচিত্তে গ্রহণ করতে সম্মত হয়েছি।’

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিতব্য এ আসরে মোট ২৯টি ক্যাটাগরীতে সরাসরি দর্শক ভোট ও বিজ্ঞ জুরিদের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের পুরস্কার প্রদাণ করা হবে। এছাড়া রয়েছে জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর নানা ধরনের পারফর্মেন্স, ফ্যাশন শো, রেড কার্পেট ও গ্ল্যাম মুভ সেগমেন্ট।

প্রসঙ্গত, সিজন ৩ থেকে বাইফা আজীবন সম্মাননা প্রদান শুরু করে। এ পর্যন্ত এই সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ।

/এমআর/