শিরোনাম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
ইসরায়েলই একমাত্র দেশ যার কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি বিশেষ সংস্করণ রয়েছে। ছবি: রয়টার্স

বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। এর অংশ হিসেবে দেশটি শীর্ষ মার্কিন প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের কাছ থেকে একটি নতুন এফ-৩৫ স্কোয়াড্রন এবং বোয়িংয়ের কাছ থেকে একটি এফ-১৫আইএ যুদ্ধবিমান স্কোয়াড্রন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ইসরায়েলের ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির অনুমোদন পাওয়া এই চুক্তিকে দেশটির সামরিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি মূলত ১১৯ বিলিয়ন ডলারের বৃহৎ প্রতিরক্ষা পরিকল্পনার শুরু, যার লক্ষ্য সামনে থাকা একটি ‘কঠিন দশক’ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিশ্চিত করা।

কমিটির মতে, নতুন এই স্কোয়াড্রনগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর দীর্ঘমেয়াদি শক্তি উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। এগুলো আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়াবে এবং একই সঙ্গে ইসরায়েলের কৌশলগত আকাশসীমায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সহায়তা করবে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেন, তাৎক্ষণিক যুদ্ধ পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি ভবিষ্যতের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তার ভাষায়, ‘শুধু বর্তমান নয়, আগামী ১০ বছর কিংবা তারও বেশি সময়ের জন্য সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া আমাদের দায়িত্ব।’

তিনি আরও উল্লেখ করেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কৌশলগত সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে উন্নতমানের বিমান শক্তির প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

/এমআর/