শিরোনাম

পছন্দের জায়গায় পদায়নে ডিসিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পছন্দের জায়গায় পদায়নে ডিসিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী
ডিসি সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশের জনপ্রশাসনের যতগুলো পদ রয়েছে, সবগুলোই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পদায়নের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোস করলে সংশ্লিষ্ট কর্মকর্তা হয়তো সাময়িক লাভবান হন, কিন্তু সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার মানসিকতা থাকা জরুরি।’

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের পছন্দের জায়গায় পদায়ন কিংবা পদোন্নতির মানসিকতাই হয়তো জনপ্রশাসনকে দুর্নীতি পরায়ন ও অপেশাদার করে তোলার একটি অন্যতম কারণ। সেজন্য আপনাদের সবাইকে নিজেদের পদকে গুরুত্বপূর্ণ ভাবতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইলো, দেশের প্রয়োজনে যে কোন সময়, যে কোন জায়গায় কাজ করতে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করে রাখুন।’

তিনি আরও বলেন, ‘সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূলনীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়নসহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা (জেলা প্রশাসক) জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার উপরই সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য নির্ভরশীল। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে সরকারের গৃহীত কর্মসূচিগুলো জনগণের কাছে বাস্তবায়ন করবেন, এটাই জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা।’

/এফআর/