শিরোনাম

রিকশাওয়ালাও বলে বিএনপি প্রতারণা করলো: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক
রিকশাওয়ালাও বলে বিএনপি প্রতারণা করলো: হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বিএনপির কাছে যেসব অধ্যাদেশ মিষ্টি লেগেছে, সেগুলোকে তারা আইনে রূপান্তর করেছে। রিকশায় উঠলেও রিকশাওয়ালা বলে- বিএনপি প্রতারণা করলো।

রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে এ কথা বলেন তিনি।

হান্নান বলেন, আমার কাছে মনে হচ্ছে এটা প্রতারণা এবং প্রবঞ্চনার সংসদ। আমি অঙ্ক মিলাতে গিয়ে চিন্তা করি- আসলে কি পেলাম, কি চিন্তা করে এ সংসদে আসলাম? জুলাই গণঅভ্যুত্থানের পরে, এত রক্তের বিনিময়ে, এরকম বড় বড় কথা বলে সংস্কারের বিভিন্ন দফা দেওয়া হলো, ঐকমত্য পোষণ করার পরেও, এমন একটি গণভোটের পরেও, প্রথম সংসদ অধিবেশনে আমরা কি পেলাম?

তিনি বলেন, যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তী সরকারের আমলে দেওয়া হয়েছে, যেগুলো সরকারকে জবাবদিহিতার আওতায় আনত, সেই অধ্যাদেশগুলো সরকার বাতিল করে দিয়েছে। যেমন, শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা ছিল- এই সরকারের অনেকের মধ্যেও সেই বেদনার কথা বলা হয়। অনেকে খুব আবেগী হয়ে ওঠেন, মনে হয় যেন শুধু ওনারা গুমের শিকার হয়েছেন, তাই আমরা এখন গুম কমিশন নিয়ে কথা বলতে পারবো না- সব কথা উনারাই বলবেন। কারণ ওনারা গুমের শিকার হয়েছেন, তাই ওনারা যা বলবেন সেটাই ঠিক- এমন একটা অবস্থান তৈরি করা হচ্ছে।

হান্নান মাসউদ বলেন, আপনারা (বিএনপি) যদি নির্বাচনের বলতেন, গণভোটের চারটা প্রশ্নের সাথে আমরা একমত না, এবং গণভোটে হ্যাঁ দিলেও আমরা এই প্রশ্নগুলোর বাস্তবায়ন করবো না- তাহলে দেখা যেত কত শতাংশ ভোট পেতেন। ২২০টা আসন কেন, ১০০টা আসন পেতেন কিনা- সেটা দেখা যেত। সেটা তো তখন বলেন নাই। রিকশায় উঠলেও রিকশাওয়ালা বলে- বিএনপি প্রতারণা করলো।

/এসবি/