শিরোনাম

পানিতে ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

জামালপুর সংবাদদাতা
পানিতে ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন
ডোবার পানিতে সরকারি ওষুধ। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে একটি কমিউনিটি ক্লিনিকের অদূরে ডোবার পানিতে ভাসতে দেখা গেছে সরকারি ওষুধ। ধারণা করা হচ্ছে, এসব ওষুধ উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের আওতায় বরাদ্দ করা ছিল। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই বছর ধরে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ ছিল। কয়েক মাস আগে সীমিত আকারে কার্যক্রম চালু করা হয়েছে। তবে কী কারণে ক্লিনিকের সরকারি ওষুধ ডোবার পানিতে ফেলা হয়েছে, সেটা তারা জানেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ধনতলা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা দিতে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তিনজন স্বাস্থ্যকর্মীকে। তারা হলেন চরমুন্নিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. মিস্টার, স্বাস্থ্য সহকারী শারমীন জান্নাত এবং পরিবার কল্যাণ সহকারী মোছা. রনি বেগম।

সরজমিনে দেখা গেছে, কুলকান্দী-বেলগাছা সড়কের পাশে ধনতলা কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকের পশ্চিম পাশে একটি ডোবায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ। ওষুধের গায়ে লেখা রয়েছে ‘সরকারি সরবরাহ’।

ধনতলা গ্রামের বাসিন্দা রুমানা বলেন, প্রায় দুই বছর ক্লিনিকে স্বাস্থ্যসেবা বন্ধ ছিল। খোলার পরও ওষুধ চাইলে বলা হয়, নাই। অথচ ডোবার পানিতে ওষুধ ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ধনতলা কমিউনিটি ক্লিনিকে অতিরিক্ত দায়িত্বে থাকা চরমুন্নিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. মিস্টার বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছি। ক্লিনিকটিতে বেশ কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল। সরকারি ওষুধ কারা ডোবায় ফেলে দিয়েছে, সেটা আমার জানা নেই।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, সরকারি ওষুধ কারা এবং কেন ডোবার পানিতে ফেলেছে, বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এসআর/