শিরোনাম

গণমাধ্যম কেবল একটি ব্যবসা বা শিল্প নয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যম কেবল একটি ব্যবসা বা শিল্প নয়: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস

গণমাধ্যম কেবল একটি ব্যবসা বা শিল্প নয়; এটি রাষ্ট্র ও সমাজের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই খাতকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (৩ মে) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। যারা একটি গ্রহণযোগ্য ও কার্যকর গণমাধ্যম কমিশনের কাঠামো নির্ধারণে কাজ করবে। সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন, গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপে বিশ্বাস করে না। ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার মোকাবেলায় প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে শক্তিশালী ফ্যাক্ট-চেকিং মেকানিজম গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো’র মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

এর আগে, রবিবার (৩ মে) সকালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে র‍্যালিটি তথ্য ভবনে এসে শেষ হয়। অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসবি/