শিরোনাম

কুমিল্লায় বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও
ছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন তার অনুসারীরা।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, তা জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটি তারা ভালো বলতে পারবেন। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।

/এসবি/