শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাড়ছে ডিজেলের দাম

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বাড়ছে ডিজেলের দাম
জ্বালানি তেলের উর্ধ্বগতি। প্রতীকী ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব এখন যুক্তরাষ্ট্রের ভেতরেও স্পষ্ট হয়ে উঠছে। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করলেও বাস্তবে জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েই চলেছে।

ট্রাম্প এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি তেল রপ্তানিকারক দেশ হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে সরবরাহে বিঘ্ন ঘটলেও বড় ধরনের উদ্বেগের কারণ নেই। তবে পরিস্থিতি ভিন্ন চিত্র দেখাচ্ছে। যুদ্ধের প্রভাব এখন সরাসরি মার্কিন অর্থনীতিতে পড়তে শুরু করেছে, বিশেষ করে ডিজেলের দামে।

দেশটিতে ডিজেলের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই জ্বালানি মূলত পণ্য পরিবহনে ব্যবহৃত হওয়ায় এর প্রভাব পড়ছে সরবরাহব্যবস্থার পুরো শৃঙ্খলে। সুপারমার্কেট পর্যন্ত নিত্যপণ্য পৌঁছাতে পরিবহন ব্যয় বাড়ছে, আর সেই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই চাপছে।

বিশ্লেষকদের মতে, শুধু পাম্পে জ্বালানির বাড়তি দাম নয়, খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়ে যাচ্ছে পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে। ফলে সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো দাবি করে যাচ্ছেন, যুদ্ধ শেষ হলেই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। তবে কবে সেই পরিস্থিতি তৈরি হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। শুরুতে তিনি বলেছিলেন, সংকট কাটতে কয়েক দিন লাগতে পারে। পরে সময়সীমা কয়েক সপ্তাহে গড়ায়। বর্তমানে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র একটি ‘গ্রহণযোগ্য জবাবের’ অপেক্ষায় রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/